বয়স মাত্র ৮ বছর। এই বয়সে অনেক শিশুই স্কুল, খেলাধুলা আর দুরন্তপনায় সময় কাটায়। কিন্তু ময়মনসিংহের ফুলপুরের ছোট্ট সাজিদুর রহমান সাজিদ মাত্র চার মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে আলোচনায় এসেছে।
সাজিদের বাড়ি ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামে। বাবা আনিছুর রহমান। চলতি বছরের এপ্রিলে সাজিদকে ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দা বাজার মসজিদ মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করা হয়।
এরপর শুরু হয় তার কুরআন মুখস্থ করার যাত্রা। মাঝখানে অসুস্থতার কারণে বেশ কিছুদিন মাদ্রাসায় অনুপস্থিতও ছিল সে। তারপরও মাত্র চার মাসের মধ্যে ৩০ পারা কুরআনের হিফজ সম্পন্ন করে সাজিদ।
৭ সেপ্টেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।
তবে চলতির গল্পটা শুধু “চার মাসে হাফেজ” পর্যন্ত রাখলে হবে না। জানতে হবে—আট বছরের একটি শিশু প্রতিদিন কত ঘণ্টা পড়েছে? প্রথম কোন সুরা মুখস্থ করেছিল? কোন অংশটি তার কাছে সবচেয়ে কঠিন ছিল? অসুস্থতার সময় পড়াশোনা কীভাবে চালিয়েছে? আর এখন তাকে হঠাৎ মাঝখান থেকে কোনো আয়াত ধরিয়ে দিলে সে বলতে পারে কি না?
মাত্র চার মাসে ৩০ পারা—আট বছরের সাজিদের এই যাত্রাটা আসলে কেমন ছিল?