
বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন? চাকরির কথা ছিল একরকম, গিয়ে দেখলেন আরেকরকম। বেতন পাচ্ছেন না, অথবা রিক্রুটিং এজেন্সির কারণে বিপদে পড়েছেন—এসব সমস্যাট নিয়ে এখন সরাসরি অভিযোগ জানানোর জন্য সরকারের আলাদা সেল রয়েছে।
২০২৬ সালের ২ জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে। উদ্দেশ্য—বিদেশে থাকা বাংলাদেশিদের বিভিন্ন অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে সমাধানের উদ্যোগ নেওয়া।
অভিযোগ জানাতে দেশে ফিরতে হবে এমনও নয়। বিদেশে বসেই সমস্যার বিস্তারিত লিখে [email protected] অথবা [email protected] ঠিকানায় পাঠানো যায়।
অভিবাসনসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির সরকারি ব্যবস্থাও রয়েছে এবং মন্ত্রণালয়ের সিটিজেন চার্টার অনুযায়ী এ সেবার জন্য কোনো ফি লাগে না। অভিযোগের পক্ষে পাসপোর্ট, চুক্তিপত্র, টিকিট, বিএমইটি স্মার্টকার্ডসহ প্রাসঙ্গিক কাগজপত্র প্রয়োজন হতে পারে।
অভিযোগ করলে যে ব্যবস্থা নেওয়া হয়, তার সাম্প্রতিক উদাহরণও আছে। ২০২৬ সালের জুনে ৩০ বাংলাদেশিকে প্রতারণামূলকভাবে রাশিয়ায় পাঠানোর অভিযোগে সরকার তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করে।
তাই বিদেশে বিপদে পড়লে শুধু পরিচিত মানুষের ওপর নির্ভর না করে সরকারি অভিযোগের পথটিও ব্যবহার করতে পারেন।