Home স্বাস্থ্য মাড়ির সংক্রমণ কি ডায়াবেটিসের লক্ষণ

মাড়ির সংক্রমণ কি ডায়াবেটিসের লক্ষণ

Share

ডা.শারমীন জামান
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন
ফরাজি ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টার

ধরুন, প্রতিদিনের মতো দাঁত ব্রাশ করছেন। হঠাৎ দেখলেন, টুথব্রাশে লেগে আছে রক্ত। মাড়ি ফুলে আছে। মুখে দুর্গন্ধও হচ্ছে। ভাবলেন, হয়তো দাঁতের কোনো সাধারণ সমস্যা। কিন্তু কখনো কি ভেবেছেন, আপনার মাড়ির এই সমস্যার আড়ালে লুকিয়ে থাকতে পারে ডায়াবেটিস?

অবাক হওয়ার কিছু নেই। কারণ ডায়াবেটিস শুধু রক্তে শর্করার মাত্রাই বাড়ায় না, এর প্রভাব পড়ে মুখ ও দাঁতের স্বাস্থ্যের ওপরও। অনেক সময় মাড়ির সংক্রমণ হতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের একটি সতর্কসংকেত।

তবে মাড়িতে সংক্রমণ হলেই যে ডায়াবেটিস হয়েছে, তা নয়। কিন্তু কিছু লক্ষণ অবহেলা করা বিপজ্জনক হতে পারে

ডায়াবেটিস এমন একটি রোগ, যা শরীরের বিভিন্ন অঙ্গের ওপর প্রভাব ফেলে। চোখ, কিডনি, হৃদ্‌যন্ত্রের পাশাপাশি মুখ ও দাঁতের স্বাস্থ্যও এর বাইরে নয়। বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মাড়ির সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

অনেকেই জানেন না, মাড়ির সমস্যার সঙ্গেও রক্তে শর্করার সম্পর্ক রয়েছে।

কেন ডায়াবেটিসে মাড়িতে সংক্রমণ হয়?

আমাদের মুখে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে। দাঁতের গায়ে জমে থাকা খাবারের কণা ও ব্যাকটেরিয়া মিলে একধরনের আঠালো স্তর তৈরি করে। একে প্লাক বলে। নিয়মিত পরিষ্কার না করলে এই প্লাক শক্ত হয়ে পাথরের মতো জমে যায়।

এর ফলে মাড়িতে প্রদাহ বা সংক্রমণ দেখা দিতে পারে।

ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরের স্বাভাবিক প্রতিরোধব্যবস্থা বাধাগ্রস্ত হয়। মাড়ির সংক্রমণ সহজে হতে পারে। সংক্রমণ হলে তা সারতেও বেশি সময় লাগে।

যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন

মাড়ির সংক্রমণের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। যেমন—

১. দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়া।

২. মাড়ি লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া।

৩. মাড়িতে ব্যথা বা অস্বস্তি হওয়া।

৪. মুখে দীর্ঘদিন দুর্গন্ধ থাকা।

৫. মাড়ি সরে গিয়ে দাঁত বড় দেখানো।

৬. দাঁত নড়তে শুরু করা।

৭. দাঁতের ফাঁক আগের চেয়ে বেড়ে যাওয়া।

৮. মুখ শুকিয়ে যাওয়া।

এসব লক্ষণ দীর্ঘদিন থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে বারবার মাড়িতে সংক্রমণ হলে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করার বিষয়টি বিবেচনা করা উচিত।

মাড়ির সংক্রমণ থেকে কি দাঁত পড়ে যেতে পারে?

হ্যাঁ। দীর্ঘদিন মাড়ির সংক্রমণ অবহেলা করলে তা পেরিওডন্টাইটিসে রূপ নিতে পারে। এ রোগে দাঁতের চারপাশের মাড়ি ও দাঁতকে ধরে রাখা হাড় ক্ষতিগ্রস্ত হয়।

প্রথমে মাড়ি ফুলে যায়। পরে মাড়ি দাঁত থেকে সরে যেতে পারে। দাঁতের গোড়ার হাড় ক্ষয় হতে থাকে। একপর্যায়ে দাঁত নড়তে শুরু করে। চিকিৎসা না করালে দাঁত পড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে এ সমস্যা আরও জটিল হতে পারে।

মাড়ির রোগ ও ডায়াবেটিসের সম্পর্ক দুই দিকেই

ডায়াবেটিস যেমন মাড়ির সংক্রমণের ঝুঁকি বাড়ায়, তেমনি দীর্ঘদিনের মাড়ির প্রদাহও রক্তে শর্করা নিয়ন্ত্রণকে কঠিন করে তুলতে পারে। অর্থাৎ সমস্যা শুধু এক দিক থেকে কাজ করে না।

তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি মাড়ির চিকিৎসাও গুরুত্বপূর্ণ।

কী করবেন?

দাঁত ও মাড়ি সুস্থ রাখতে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে।

প্রতিদিন অন্তত দুবার ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন। দাঁতের ফাঁক পরিষ্কার করতে ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। নিয়মিত দন্ত চিকিৎসকের কাছে দাঁত ও মাড়ি পরীক্ষা করান।

মাড়ি থেকে রক্ত পড়লে ব্রাশ করা বন্ধ করবেন না। বরং সঠিক পদ্ধতিতে দাঁত পরিষ্কার করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাবেন না।

যাঁদের ডায়াবেটিস আছে, তাঁদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি দন্ত চিকিৎসককে ডায়াবেটিসের কথা জানাতে হবে।

সচেতনতা জরুরি

মাড়ি থেকে রক্ত পড়া মানেই ডায়াবেটিস নয়। তবে বারবার মাড়িতে সংক্রমণ, দাঁত নড়ে যাওয়া কিংবা মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা থাকলে বিষয়টি গুরুত্ব দিতে হবে।

প্রয়োজনে রক্তের গ্লুকোজ ও HbA1c পরীক্ষা করে ডায়াবেটিস আছে কি না নিশ্চিত হতে হবে।

মনে রাখতে হবে, মুখের স্বাস্থ্য শরীরের সামগ্রিক স্বাস্থ্যেরই অংশ। তাই সুস্থ থাকতে দাঁতের পাশাপাশি মাড়ির যত্নও জরুরি।
ডায়াবেটিস দিবসে এটা করেঢ়ি।সেটা কোথাও যুক্ত করা যায়?
মাড়ি থেকে রক্ত পড়া মানেই ডায়াবেটিস নয়। তবে বারবার মাড়িতে সংক্রমণ, দাঁত নড়ে যাওয়া কিংবা মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা থাকলে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তে শর্করার পরীক্ষা করান।

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস।ডায়াবেটিসের কথা উঠলে আমরা সাধারণত চোখ, কিডনি কিংবা হৃদ্‌যন্ত্রের কথা ভাবি। কিন্তু এর প্রভাব যে দাঁত ও মাড়িতেও পড়তে পারে, সেটাও জানা জরুরি।

তাই শুধু দাঁত নয়, মাড়িরও যত্ন নিন। কারণ মুখের স্বাস্থ্যও আপনার শরীরের সুস্থতার একটা গুরুত্বপূর্ণ অংশ।

Related Articles

আপনার জামা কাপড় আপনার বড় শত্রু,বিশ্বাস হচ্ছে না?

আমাদের প্রত্যেকের বাড়িতেই এমন একটি জিনিস আছে, যা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা...

রান্না ঘর থেকে ফ্রিজ-৫ টি ভুল

ঘরে রান্না করা মানেই খাবার শতভাগ নিরাপদ—এমনটা সব সময় নয়। ভুলভাবে সংরক্ষণ,...

ভুলভাবে পানি পানে কিডনি নষ্ট!

পানি খাওয়া কিডনির জন্য ভালো—কিন্তু পানি খাওয়ার ক্ষেত্রেও কি ভুল হতে পারে?...

স্বামী স্ত্রী আলাদা থাকলে শরীরে কী ঘটে?

দীর্ঘদিন শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকলে শরীর ও মনে আসলে কী ঘটে?...

সম্পাদক ও প্রকাশক: জিয়াউল হাসান

চলতি একটি ফিচার স্টোরিভিত্তিক মাল্টিমিডিয়া পোর্টাল। মানুষের জীবন, সমাজ, সংস্কৃতি, অভিজ্ঞতা, সংগ্রাম, সাফল্য এবং চারপাশে ঘটে যাওয়া নানা ঘটনা ও গল্প নিয়ে আমরা কনটেন্ট তৈরি করি। চলতির প্রতিটি কনটেন্ট আমাদের নিজস্ব টিমের পরিকল্পনা, গবেষণা ও প্রযোজনায় তৈরি হয়। বাস্তব মানুষের গল্প এবং সমাজের পরিচিত-অপরিচিত নানা বিষয় সহজ, তথ্যসমৃদ্ধ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।